কান কথায় শোনা গিয়েছিল যে, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্ট অফিসে কর্মরত একজন সহকর্মী তার নেতৃত্বে সরকার গঠণের পরপরই নাকি পরামর্শ দিয়েছিলেন ৬ মাসের বেশী ক্ষমতায় না থাকতে বা বড় জোর এক বছর ক্ষমতায় থাকতে। সেই সহকর্মী নাকি বলেছিলেন মোটা দাগে সংস্কারগুলো সম্পাদন করে গণভোটের মাধ্যমে পাশ করিয়ে নিতে এবং এমন ব্যবস্থা রাখতে যাতে গণভোট ছাড়া সেগৃুলো আর পরিবর্তন করা না যায়। ১০০ দিনের মধ্যেই সেই সংস্কার করার পরামর্শ দেয়া হয়েছিল। ঐ সহকর্মী নাকি হুশিয়ার করে দিয়েছিলেন, এ দেশের রাজনৈতিক সংস্কৃতি বড় খারাপ। বছর পার হলেই ইউনুস সরকারকে অজনপ্রিয় করে তোলা হবে। অধ্যাপক ইউনুস যে সে কথা শুনেন নি তা বলাই বাহুল্য। তবে এখন দেখা যাচ্ছে কাঙ্গালের কথা বাসি হলেই ফলে। এখন ডঃ ইউনুস রাষ্ট্র সংস্কার নিয়ে নাকানি-চুবানী খাচ্ছেন। আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেও সংস্কারের ভাগ্যে কি আছে তা আমরা জানি না। এ কথা সবাই মানবেন যে ১০০ দিনের মধ্যে সংস্কারগুলো হলে সব রাজনৈতিক দলই সেগৃুলো সহজেই মেনে নিত। কেননা তখন ছাত্র-জনতার ব্যাপক প্রভাব ছিল। তাদের অবজ্ঞা করার সাহস কারও ছিলনা।